যশোরে দুই কোটি টাকার বেশি ১০টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। যার ওজন এক কেজি ১৬৪ গ্রাম। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, একটি ইয়ারবাড, একটি পাওয়ার ব্যাংক এবং নগদ টাকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে যশোর সদরের মুরাদগড় বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণ উদ্ধার ও দুজনকে আটক করে বিজিবি।
আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে ফরিদুল ইসলাম ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাজিপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে মাহাফুজ আলম। এদের প্যান্টের মধ্যে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী ঘটনা নিশ্চিত করেন।
বিজিবি জানায়, আটকরা ঢাকা থেকে যশোর ও চৌগাছা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিলেন। বিজিবির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, যশোর সদরের মুরাদগড় বাস স্ট্যান্ড এলাকায় দুই ব্যক্তিকে ১০টি স্বর্ণের বারসহ আটক করে। তারা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানায়, তারা ঢাকা থেকে যশোর ও চৌগাছা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। ঢাকার তাতিবাজার এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে তারা।
৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানায়, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।
লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী আরও জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার বেড়ে যাওয়ায় বিজিবি নজরদারি ও অভিযান জোরদার করেছে। সীমান্ত এলাকায় স্বর্ণসহ যেকোনো ধরনের চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
এইচ আর তুহিন/সুমন/