বঙ্গোপসাগরে মায়ানমারে চোরাচালানের উদ্দেশ্যে সিমেন্ট পাচারের সময় তিনটি বোটসহ ৩০ জন মাঝিমাল্লাকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
নৌবাহিনীর সূত্র জানায়, শনিবার (৬ ডিসেম্বর) বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চট্টগ্রাম ও নোয়াখালীর সোলেমান বাজার, লক্ষ্মীরচর ও সুবর্ণচর এলাকা থেকে সিমেন্টবোঝাই বোটগুলো মায়ানমারের উদ্দেশে রওনা দেয়। তথ্যের ভিত্তিতে সমুদ্রে অবস্থানরত নৌবাহিনীর জাহাজ ও বোটসমূহ সেন্ট মার্টিন এলাকায় টহল জোরদার করে।
গতকাল শুক্রবার দিবাগত রাতে নৌবাহিনীর জাহাজ প্রত্যাশা টহল চলাকালে সন্দেহজনক তিনটি ইঞ্জিনচালিত বোট সনাক্ত করে। থামার নির্দেশ দিলে বোটগুলো পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে এফবি আল্লাহর দান, এফবি আলাউদ্দিন-১ এবং এফবি আলাউদ্দিন-২ নামের বোট তিনটি আটক করা হয়। তল্লাশিতে ১ হাজার ৫৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।
যার আনুমানিক মূল্য ৮ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা। এ সময় চোরাচালানে জড়িত ৩০ জন মাঝিমাল্লাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিসহ মালামালসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী জানায়, দীর্ঘদিন ধরেই একশ্রেণির অসাধু ব্যবসায়ী মায়ানমারে অধিক মূল্যে বিক্রির আশায় এ ধরনের চোরাচালান করে আসছে। দেশের সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, চোরাচালান দমন, জলদস্যুতা রোধ এবং সামুদ্রিক সম্পদের নিরাপত্তায় নৌবাহিনী নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে।
শাহীন/মাহফুজ