ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাতার প্রবাসীর গাড়িকে হামলা করে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল প্রবাসীসহ ৭ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে প্রবাসীর পাসপোর্ট, নগদ টাকা, মোবাইল সেটসহ সর্বস্ব লুট করে নেয়।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর রাতে মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাতার প্রবাসী রিফাতুজ্জামান বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এদিকে মহাসড়কের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা এবং আষাঢিয়ারচর এলাকায় গত বুধবার মধ্যরাতে বিএনপি নেতাদের ওপর হামলা করে তাদের সর্বস্ব লুটপাট করেছে ডাকাতরা। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন অনুষ্ঠানে যাচ্ছিলেন। ডাকাতদের পৃথক হামলায় ১০ বিএনপি নেতা আহত হয়।
সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানা যায়, কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার মানরা গ্রামের কাতার ফেরত প্রবাসী রিফাতুজ্জামান ছুটি শেষে গতকাল বুধবার রাতে মাইক্রোবাস (কুমিল্লা-চ-৫১-০০২৬) যোগে ঢাকার বিমানবন্দরে রওনা হন। বৃহস্পতিবার ভোর রাত সোয়া ৩টার দিকে সোনারগাঁ অতিক্রমকালে পথে নয়াগাঁও এলাকায় ট্রাফিক যানজটে আটকা পড়ে তাদের গাড়ি। এসময় ৮-১২ জনের একটি ডাকাতদল পিস্তল, রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে প্রবাসীর গাড়িতে হামলা করে।
ডাকাতরা গাড়ির সামনের ও পাশের গ্লাস ভেঙে প্রবাসী রিফাতুজ্জামানসহ তার পরিবারের ৭ জনকে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মকভাবে জখম করে। ডাকাতি কাজে বাধা দেওয়ার ডাকাতরা প্রবাসীর সহযোগী মনিরুল ইসলামর হাতে কোপ মেরে রক্তাক্ত জখম করে। পরে ডাকাতরা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে প্রবাসীদের সঙ্গে থাকা তিনটি স্মাট মোবাইল সেট, নগদ ৩০ হাজার ২০০ টাকা, প্রবাসীর পাসপোর্ট, বিমানটিকিটসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়। পরে প্রবাসীসহ আহতরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নেয়। এ ঘটনায় আহত প্রবাসী রিফাতুজ্জামান বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
আহত কাতার প্রবাসী রিফাতুজ্জামান জানান, তিনি ছুটি শেষে কাতার যাওয়ার উদ্দেশে ঢাকার বিমানবন্দরে যাচ্ছিলেন। পথে সোনারগাঁয়ে ডাকাতদের কবলে পড়ে। ডাকাতরা তাদেরকে মারধর করে তার পাসপোর্ট, বিমান টিকিটসহ মূল্যবান কাগজপত্র, মোবাইল, টাকা পয়সা লুট নিয়ে যায়। তিনি এখন কাতার যেতে পারছেন না।
এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তন অনুষ্ঠানে যাওয়ার পথে বুধবার রাত দেড়টার দিকে মহাসড়কের পিরোজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় ডাকাতির হামলার শিকার হয়ে ডাকাতির কবলে পড়েন কুমিল্লার লালমাই থানার বিএনপির নেতা শহীদ, বাবুল মেম্বার, মনির হোসেনসহ কয়েকজন বিএনপি নেতা। তাদের গাড়ি ভাঙচুর করে নগদ টাকা, মোবাইল সেটসহ সর্বস্ব লুট করে নিয়ে যায়। হামলায় আহত হন বিএনপির ৫ নেতা।
এছাড়া মধ্যরাতে আষাড়িয়ারচর এলাকায় ডাকাতির হামলায় শিকার হন নোয়াখালীর চাটখিলের যুবদলের যুগ্ম আহ্বায়ক ফখরুদ্দিন ফিরোজসহ কয়েকজন বিএনপি নেতা। তারা মাইক্রোবাস যোগে পুর্বাচল তিন শ’ ফিট যাচ্ছিলেন। ডাকাতরা গাড়িতে থাকা সকল বিএনপি নেতাদের হকিস্টিক দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৫-৭টি মোবাইল সেট, নগদ টাকা লুট করে পালিয়ে যায়। হকিস্টিক ও ধারালো অস্ত্রের আঘাতে ৫ বিএনপি নেতা আহত হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ জানান, মহাসড়কে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি। অন্য কোথায় ডাকাতির ঘটনা শুনে নি। কেউ কোনো অভিযোগ নিয়ে আসে নি।
ইমরান/মাহফুজ