লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে আগুন দেওয়া যুবক মো. রুবেল হোসেনকে (৪১) আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর পৌরসভার ১০নং ওয়ার্ড দক্ষিণ মজুপুরের নিজ বাড়ি থেকে জেলা ডিবি পুলিশের একটি দল আটক করতে সক্ষম হয়।
আটক মো. রুবেল হোসেন দক্ষিণ মজুপুর গ্রামের জব্বার আলী ব্যাপারী বাড়ির মৃত আবুল হাসেমের পুত্র ও লক্ষ্মীপুর বিদ্যুৎ অফিসের সাবেক ড্রাইভার বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার দুপুরে তাকে জেলা নির্বাচন অফিসের নাইটগার্ডের দায়েরকৃত সন্ত্রাস দমন আইনের মামলায় আদালতে সোপর্দ করার পর সে ম্যাজিষ্ট্রেটের নিকট ১৬৪ ধারায় নিজেই অগ্নি সংযোগের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে বিকালে এক প্রেস ব্রিফিংএ সাংবাদিকদের জানিয়েছেন পুলিশ সুপার মো. আবু তারেক।
পুলিশ সুপার মো. আবু তারেক সাংবাদিকদের জানান, লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য মরহুম এ কে এম শাহাজান কামালের সাবেক এপিএস শিমুল চক্রবর্তী দশ হাজার টাকার বিনিময়ে মোহাম্মদ রুবেলকে জেলা নির্বাচন জেলা নির্বাচন অফিসে আগুন দেওয়ার জন্য উৎসাহিত করেছেন।
রুবেলের ব্যবহৃত মোবাইল ফোনে অগ্নিসংযোগ ও শিমুল চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ এবং বিকাশের মাধ্যমে অর্থ লেনদেনের তথ্য প্রমাণ পাওয়া গেছে।
উল্লেখ্য গত ১৩ ডিসেম্বর রাতে লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে অগ্নি সংযোগ করে। এতে নির্বাচন অফিসের স্টোরে রাখা বেশ কিছু মালামাল পুড়ে যায়।
রফিক/মাহফুজ