কুমিল্লার চৌদ্দগ্রামে থানা চত্বরে গরু নিয়ে প্রবেশে নিষেধ করায় শরিফুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবলকে কুপিয়ে আহত করেছেন বাহাদুর হোসেন বাদল (১৯) নামে এক স্থানীয় যুবক। এ ঘটনায় অভিযুক্ত বাদলকে আটক করে তাৎক্ষণিকভাবে থানা হেফাজতে নেওয়া হয়।
বুধবার (৩১ ডিসেম্বর) বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) গুলজার আলম।
অভিযুক্ত বাদল থানাসংলগ্ন লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।
চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা যায়, বাদল নিয়মিত চৌদ্দগ্রাম থানার বাউন্ডারির ভেতরে গরু নিয়ে প্রবেশ করতেন। এতে থানার ভেতরে থাকা বিভিন্ন প্রজাতির ফল ও ফুলগাছ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এ কারণে তাকে একাধিকবার গরু নিয়ে থানার ভেতরে প্রবেশে নিষেধ করা হয়। তবে নিষেধ অমান্য করে গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে তিনি একাধিক গরু নিয়ে আবারও থানার চত্বরে ঢোকেন।
এ সময় চৌদ্দগ্রাম থানায় কর্মরত পুলিশ কনস্টেবল শরিফুল ইসলাম তাকে পুনরায় নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বাদল তার হাতে থাকা দার উল্টো পিঠ দিয়ে শরিফুল ইসলামের শরীরে একাধিক আঘাত করেন। একপর্যায়ে দা দিয়ে শরিফুল ইসলামের মাথায় কোপ দেন।
শরিফুল ইসলামের চিৎকার শুনে তাৎক্ষণিকভাবে থানার ভেতর থেকে অন্যান্য পুলিশ সদস্যরা এসে বাদলকে আটক করে থানার ভেতরে নিয়ে যান।
ওসি (তদন্ত) গুলজার আলম জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত বাদলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
জহিরুল/মেহেদী/