নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪১ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে এক কোটি ৬৫ লাখ টাকার এসব চেক হস্তান্তর করে বিআরটিএর নোয়াখালী সার্কেল কার্যালয়।
এ সময় নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
সড়ক নিরাপত্তা বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, মোটরসাইকেল আরোহীদের অবশ্যই আইন মেনে চলতে হবে এবং লাইসেন্সবিহীন যানবাহন কোনোভাবেই বরদাস্ত করা হবে না। চালকদের অদক্ষতা ও সাধারণ মানুষের অসচেতনতার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনায় মূল্যবান প্রাণ ঝরে যাচ্ছে। সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে চালক ও যাত্রী উভয়কেই দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বিআরটিএ পরিচালক (যুগ্ম-সচিব) রুবাইয়াৎ-ই-আশিক।
বক্তব্য রাখেন, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম, সিভিল সার্জনের প্রতিনিধি সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোহাম্মদ সাইফুদ্দিন মাহামুদ চৌধুরী, পুলিশ সুপারের প্রতিনিধি ট্রাফিক ইনস্পেক্টর পুলক চাকমা, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য বাহার উদ্দিন, নোয়াখালী জেলা মালবাহী ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি মো. আবুল বাহার এবং বৃহত্তর নোয়াখালী জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির প্রতিনিধি গোলাম রাব্বানী প্রমুখ।
বিআরটিএ সূত্র জানায়, নোয়াখালী জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২০ জনের পরিবার ও আহত একজনসহ মোট ২১টি পরিবারকে এক কোটি এক লাখ টাকা এবং লক্ষ্মীপুর জেলায় নিহত ১১ জনের পরিবার ও আহত ৯ জনসহ মোট ২০টি পরিবারকে ৬৪ লাখ টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরটিএ নোয়াখালীর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) উথোয়াইনু চৌধুরী, সহকারী রাজস্ব কর্মকর্তা সুজিত রায়, মোটরযান পরিদর্শক মো. মোশাররফ হোসেন ও মো. জিয়াউর রহমান, বিআরটিএ লক্ষ্মীপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আবদুল্লাহ আল মামুনসহ বিআরটিএ নোয়াখালী ও লক্ষ্মীপুর সার্কেলের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ইকবাল হোসেন মজনু/এসএন