ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডাক্তারের ভুয়া পরিচয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা দেওয়ার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার তন্তর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। জরিমানাপ্রাপ্ত ব্যক্তি হলেন তন্তর বাজারের নয়ন ফার্মেসীর মালিক নারায়ণ চন্দ্র পাল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নারায়ণ চন্দ্র পাল দীর্ঘদিন ধরে নয়ন ফার্মেসীতে বসে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখতেন। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে নয়ন ফার্মেসীতে অভিযান চালানো হয়। অভিযানের সময় তাকে রোগী দেখা ও বিভিন্ন ওষুধ প্রেসক্রিপশন দিতে দেখা যায়।
এ সময় নারায়ণ চন্দ্র পাল কোনো ধরনের চিকিৎসা সনদপত্র দেখাতে ব্যর্থ হন।
সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, মিথ্যা টাইটেল ব্যবহার করে সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় নারায়ণ চন্দ্র পালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বনিক/মাহফুজ