চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৭ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (১৪ জানুয়ারি) ভোরে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাড়ালডাংগা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়।
পরে বর্ডার গার্ড বাংলাদেশ (১৬বিজিবি) তাদের আটক করে গোমস্তাপুর থানায় হস্তান্তর করে।
আটক ১৭জনের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু ছিল। আটকরা সবাই খুলনা ও যশোর জেলার বাসিন্দা।
তারা হলেন, মো. ইসলাম গাজী (৪৫), মোমেনা বেগম (৩৫), এমদাদুল (১৮), তাসনিম(১১), রওশন আরা বেগম (৩৮), মোহাম্মদ শাহিন খান (১৮), শামীম খান (৮), সাবির বিশ্বাস (২৮), জুলি বিশ্বাস (২০), আব্দুল্লাহ বিশ্বাস (৩), মোহাম্মদ বিল্লাল খান (২৫), বৃষ্টি বেগম (২৬), তামিম খান (৮), জুয়েল (১৮), মনিরুল শেখ (৩০), জোসনা বেগম (৫০) ও বায়জিত মোল্লা (১৮)।
রাধানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান জানান, বুধবার ভোরে সীমান্ত দিয়ে ভারত ১৭ জনকে বাংলাদেশে পুশইন করেছে। তারা সীমান্ত এলাকায় ঘোরাফেরা করছিল। এ সময় বিজিবি তাদেরকে আটক করে।
নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, আটকরা সবাই বাংলাদেশি নাগরিক বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তারা গত ৫-৬ বছর ধরে ভারতের আগ্রা জেলায় বসবাস করছিলেন। অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং সেখানে তারা প্রায় ৩ বছর কারাভোগ করেন।
বিজিবি অধিনায়ক আরও জানান, সাজাভোগ শেষে ভারতীয় পুলিশ তাদেরকে ১২ ব্যাটালিয়ন বিএসএফের কাছে হস্তান্তর করে। বুধবার ভোরে টিলাশন বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত পিলার ২১৯/২৯-আর এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়। বাংলাদেশের অভ্যন্তরে শিবনগর বাজার এলাকায় বিজিবির চাড়ালডাংগা বিওপির টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান অধিনায়ক।
এদিকে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, পুশইনের ঘটনায় আটক বাংলাদেশি নাগরিকদের পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আসাদুল্লাহ/নাঈম