টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকে অতিরিক্ত অনুদানও ঘোষণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সহায়তার চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে গুলিবিদ্ধ শিশু আফনানের পরিবারকে ৫০ হাজার টাকা এবং মাইন বিস্ফোরণে আহত মো. হানিফের পরিবারকে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান, জেলা পরিষদের পক্ষ থেকে উভয় পরিবারকে অতিরিক্ত ৩০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এই অর্থ অতি দ্রুত সময়ের মধ্যেই সংশ্লিষ্ট পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে।
উল্লেখ্য, হোয়াইক্যং ইউনিয়নে সম্প্রতি সংঘটিত এসব ঘটনায় স্থানীয়ভাবে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
মো. শাহীন/নাঈম