ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা নানা স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে ইনকিলাব মঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাফসান রাকিব বলেছেন, হাদি হত্যার চার্জশিটে সঠিক তথ্য উঠে আসেনি। সরকার আমাদের সঙ্গে টালবাহানা করছে। এভাবে টালবাহানা করতে থাকলে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেব।
শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের পর নগরের আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
মিছিলটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাজীর দেউড়ি মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, শহিদ শরিফ ওসমান হাদির বিচার এখনও দৃশ্যমান কিছু হয়নি। সরকার হাদির মামলা নিয়ে বিভিন্ন টালবাহানা করছে। হাদির মুল আসামিকে গ্রেপ্তার করতে হবে। হাদি ছিলেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ন্যায়ের পক্ষে আপসহীন এক সংগ্রামী কণ্ঠ।
তাকে নির্মমভাবে প্রকাশ্যে জুমার নামাজের পর হত্যা করলেও আজও বিচার না হওয়ায় দেশের জনগণ ক্ষুব্ধ। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শহিদ হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন চলবে এবং এই দাবি আদায় করে নেওয়া হবে। এখনও হাদি হত্যার মূল আসামিদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। এটা সরকারের চরম ব্যর্থতারই বহিঃপ্রকাশ। হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার বিকল্প নেই।
বিক্ষোভকারীদের কারও হাতে জাতীয় পতাকা, কেউ কেউ হাদি হত্যার বিচার দাবিতে লেখা প্লাকার্ড বহন করেছেন। এসময় ‘বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’; ‘সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ’সহ ভারতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
বক্তব্য রাখেন জুলাই ঐক্য চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী আবরার হাসান রিয়াদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইবনে হোসেন জিয়াদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক রাফসান রাকিব, তৌসিফ ইমরোজ, আরমান শাহরিয়ারসহ অন্যান্য নেতারা।
গত ১৮ ডিসেম্বর ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর আগে ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট রোড এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলা করেন। ৬ জানুয়ারি মোট ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক ফয়সাল আহমেদ।
এরপর ১২ জানুয়ারি মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের আদালতে হাজির হয়ে পুলিশের দেওয়া অভিযোগপত্র পর্যালোচনার জন্য গত বৃহস্পতিবার পর্যন্ত সময় নেন। এদিন মামলার বাদী অভিযোগপত্রের বিষয়ে আদালতে নারাজি দাখিল করেন।
সাত্তার/মাহফুজ