ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন ধরে ফুটপাত ও মহাসড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে ভাঙ্গা বাজার ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়ামের নেতৃত্বে এই অভিযানে বাজারের ফুটপাত এবং মহাসড়কের পাশে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ দোকান সরিয়ে দেওয়া হয়।
প্রশাসন সূত্র জানায়, এর আগে একাধিকবার নোটিশ ও মৌখিকভাবে সতর্ক করা হলেও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা দোকান সরিয়ে নেননি। ফলে আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাধ্য হয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়।
উচ্ছেদের সময় মাহবুব নামের এক ব্যবসায়ী বলেন, ‘বিকল্প কোনো জায়গার ব্যবস্থা না করেই দোকান উচ্ছেদ করলে পরিবার নিয়ে চরম সংকটে পড়তে হবে। প্রশাসন যদি আমাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করে, তাহলে আমরা সেখানে যেতে প্রস্তুত।’
অন্যদিকে, মোরসালিন নামের এক পথচারী বলেন, ‘ফুটপাত ও সড়কের পাশে দোকান থাকায় এখানে সবসময় যানজট লেগে থাকত। উচ্ছেদের ফলে এখন রাস্তা দিয়ে চলাচল অনেকটাই সহজ হবে।’
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়াম বলেন, ‘ভাঙ্গা বাজারের থানারোড এলাকায় দীর্ঘদিন ধরে ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছিল। এতে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। একাধিকবার সতর্ক করার পরও অবৈধ দোকানগুলো সরানো না হওয়ায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ফুটপাত দখলমুক্ত রাখতে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়।’
স্থানীয়দের আশা, এ অভিযানের মাধ্যমে ভাঙ্গা বাজার এলাকায় শৃঙ্খলা ফিরবে এবং পথচারী ও যানবাহন চলাচল হবে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময়।
মোসলেউদ্দিন/অমিয়/