আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী-২ (সদর) আসন ছাড়া বাকি পাঁচটি সংসদীয় আসনের জন্য ব্যালট পেপার উপজেলা পর্যায়ে পৌঁছেছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে জেলার নয়টি উপজেলায় এসব ব্যালট পাঠানো হয়।
জানা যায়, রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে ব্যালট পরিবহনের সময় প্রতিটি বহরে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় ব্যালটগুলো নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।
রাজশাহী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান, রবিবারের মধ্যেই জেলার সব উপজেলায় ব্যালট পেপার পৌঁছে গেছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পৌঁছানোর পর ব্যালটগুলো নির্ধারিত স্টোররুমে সংরক্ষণ করা হয়। আগামী ১১ ফেব্রুয়ারি উপজেলা পর্যায় থেকে ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ ভোটগ্রহণের প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হবে। তবে রাজশাহী-২ (সদর) আসনের ব্যালট পেপার ১১ ফেব্রুয়ারি রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠ থেকে কেন্দ্রগুলোতে পাঠানো হবে।
রাজশাহীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার বলেন, ব্যালট পরিবহন ও সংরক্ষণসহ পুরো প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২২ লাখ ৬৯ হাজার। জাতীয় সংসদ নির্বাচনের ব্যালটের পাশাপাশি সমান সংখ্যক গণভোটের ব্যালটও সংশ্লিষ্ট উপজেলাগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে।
রিফাত/