নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর এলাকায় এক বৃদ্ধা নারীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে দায়ের করা মামলায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পূর্ব বিরোধের জেরে ওই ঘটনার অভিযোগে ওই মামলা দায়ের করেন ভুক্তভোগীর মেয়ে ও ওই ওয়ার্ডের সাবেক মেম্বার চামেলী বেগম।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
মামলার বরাতে ওসি জানান, একটি শিশু ধর্ষণ মামলায় ওই গ্রামের নজরুল ইসলাম আসামি হয়ে জেলে যান। জামিনে বের হয়ে মামলাটি প্রত্যাহারের জন্য চামেলিকে চাপ দিলেও তিনি রাজি হননি। এনিয়ে
বিরোধ চলে আসছিল।
চামেলীর দাবি, মামলার জেরে তাকে প্রতিনিয়ত হুমকি দিতে থাকে নজরুল ও তার সহযোগীরা। গত ১৪ ফেব্রুয়ারি মধ্যরাত চামেলির মা হালিমা বেওয়া বিশেষ কাজে ঘর থেকে বের হলে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায় নজরুল ও তার সহযোগীরা। এরপর হালিমাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নাটোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মাদ মুক্তাদির আরেফীন জানান, অ্যাসিড দগ্ধ হালিমা বেওয়ার চিকিৎসা সাধ্যমত দেওয়া হচ্ছে। তবে উন্নত চিকিৎসার জন্য প্লাস্টিক সার্জারি বিভাগে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
নাজিরপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আইউব আলী জানান, ওই দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন থেকেই বিরোধ চলে আসছে। ঘটনার তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় শাস্তির দাবি করেন তিনি।
ওসি শফিকুজ্জামান সরকার জানান, ওই মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে নজরুল ইসলামকে এখনো গ্রেপ্তার করা যায়নি। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে দাবি করে তিনি জানান, তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।
কামাল মৃধা/সুমন/