চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় একটি ফ্ল্যাটের রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে। শিশুসহ বাকি সাতজন ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ১৭ বছর বয়সী শাওন ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তাকে কুমিল্লায় তার দাদার বাড়িতে দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজন মো. মকবুল হোসেন।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন, নুরজাহান আক্তার রানী (৪০) ও তার ছেলে শাওন (১৭)। এর মধ্যে নুরজাহানের শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল। পাশাপাশি তার ছেলে শাওনের পুড়েছিল ৪৫ শতাংশ।
দগ্ধ হওয়া বাকি সাতজন হলেন, সাখাওয়াত (৪৬), সুমন (৪০), পাখি (৩৫), শিপন (৩২), উম্মে আয়ন (১০), আনাস (৭) ও আয়েশা (৪)।
জানা গেছে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে নগরের হালিশহর এলাকায় ওই অগ্নিকাণ্ডে দগ্ধ সবাইকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়। তবে পথিমধ্যেই রানীর মৃত্যু হয়। সন্ধ্যায় তাদের ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানেই রানীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে তার মরদেহ সোমবার রাত ১টার দিকে চট্টগ্রাম নগরের দেওয়ানহাটে তার বাবার বাড়িতে নেওয়া হয়। রাতেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
নাঈম/