চট্টগ্রামের সীতাকুণ্ডে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের জঙ্গল থেকে এক গলাকাটা জীবিত মেয়ে শিশুকে উদ্ধার করা হয়েছে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রবিবার (১মার্চ) দুপুর ২টার দিকে ইকোপার্ক এলাকায় তাকে খুঁজে পাওয়া যায়।
গলাকাটা অবস্থায় শিশুটি হাসপাতালে স্বল্প শব্দে জানায়, তার নাম ইরা (৭)। সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের মাস্টার পাড়ার মনিরুল ইসলামের মেয়ে সে। স্থানীয় মসজিদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করে। তার এলাকার এক ব্যক্তি তাকে ইকোপার্ক নিয়ে আসে। ইশারায় মাধ্যমে জানায়, ওই ব্যক্তিকে সে দেখলে চিনতে পারবে।
ইকোপার্ক সড়কের শ্রমিক ও স্থানীয় যুবক রবিউল হাসান বলেন, ‘আমিসহ কয়েকজন সেখানে সড়কের কাজ করছিলাম। দুপুরে কাজ চলার সময় আমাদের ভেকুচালক শিশুটিকে গলাকাটা অবস্থায় হেঁটে আসতে দেখেন। তখন তাকে একটি ট্রাকে করে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসি। কে বা কারা তার গলা কেটেছে তা জানি না।’
সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইসরাত জাহান মুহুয়া বলেন, ‘শিশুটির অবস্থা খুবই ক্রিটিক্যাল। তার গলা কাটা। তাকে চট্টগ্রাম মেডিকেলের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।’
সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। মেয়েটিকে কুমিরা থেকে তুলে আনা হয়েছিল। ইকোপার্কের সড়কে কর্মরত তিন যুবক গলাকাটা রক্তাক্ত মেয়েটিকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।