মাগুরায় খুচরা সার বিক্রয়ের অনুমতি ও টি.ও (ট্রেড অর্ডার) লাইসেন্স পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সার ব্যবসায়ীরা।
মঙ্গলবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে মাগুরা প্রেসক্লাবের সামনে জেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা খুচরা সার বিক্রয় সমিতির সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়সহ সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় জেলার বিভিন্ন উপজেলার খুচরা সার ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, ২০০৯ সালের সার বিতরণ নীতিমালা অনুযায়ী ৩০ হাজার টাকা জমা দিয়ে সরকার অনুমোদিত টি.ও লাইসেন্স গ্রহণ করেন তারা। সেই লাইসেন্সের ভিত্তিতে দীর্ঘদিন ধরে তারা খোলা বাজারে কৃষকদের কাছে সার বিক্রি করে আসছেন। তবে সম্প্রতি প্রণীত ‘সার বিক্রয় নীতিমালা ২০২৫’-এ পূর্বের নীতিমালা বাতিল করা হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী সাধারণ খুচরা ব্যবসায়ীরা আর সার বিক্রি করতে পারবেন না।
ব্যবসায়ীরা বলেন, হঠাৎ করে এ সিদ্ধান্ত কার্যকর হলে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হব এবং কৃষকরাও ভোগান্তিতে পড়বেন। তাই অবিলম্বে পূর্বের নীতিমালা বহাল রেখে আমাদের টি.ও লাইসেন্স পুনর্বহালের দাবি জানাচ্ছি।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। দাবি আদায় না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
কাসেমুর রহমান/নাঈম