চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক অন্ধ ব্যক্তি ও তার তিন সন্তানকে মারধরের অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত চারজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরি গ্রামের ছিদ্দিক মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, একই এলাকার মৃত আনু মিয়ার ছেলে মো. ছৈয়দ নুর (৬৫), তার মেয়ে তাসলিমা আক্তার (২১) ও ইসমু আক্তার (২০) এবং ছেলে মো. ইমরান (১৮)।
স্থানীয় সূত্র ও আহতদের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। এ বিরোধের জেরে সোমবার সন্ধ্যায় ছৈয়দ নুরের ভাই ও ভাতিজারা তাদের কেনা জমি দখল করতে বাড়িতে আসেন। এতে বাধা দিলে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ছৈয়দ নুরের অভিযোগ, তার ভাই আব্দুর নুর, হাছান শরীফ ও আবু ছৈয়দ, ভাতিজা জমির উদ্দীন ও আশরাফসহ ছয়জন মিলে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেন। বাধা দিলে তাকে ও তার সন্তানদের মারধর করা হয়।
আহত ইমরান বলেন, জমি সংক্রান্ত বিষয়ে ২০২৪ সালে আদালতে একটি মামলা করা হয়। মামলাটি তুলে নেওয়া ও জামিনে সহযোগিতার জন্য অভিযুক্তরা দীর্ঘদিন ধরে চাপ ও হুমকি দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় তাদের বাড়িতে ঢুকে আসবাবপত্র ভাঙচুর এবং পরিবারের সদস্যদের মারধর করা হয়।
এ ঘটনায় তিনি আইনি ব্যবস্থা নিতে প্রশাসনের সহায়তা কামনা করেন।
তবে তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী খবরের কাগজকে বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। এখনো ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দেননি। পুলিশ ঘটনাস্থলে যাবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আতিকুল হা-মীম/অমিয়/