আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তরে উপজেলার কালিরবাজা পশুর হাট জমে উঠেছে। এ হাটে ক্রেতা-বিক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। ঈদের চাহিদা ও পশুর দাম উভয়ই বৃদ্ধির কারণে হাটে চলছে তীব্র দরকষাকষি।
মঙ্লবার (১৭ মার্চ) সাপ্তাহিক হাটে দেখা গেছে, মাংসের জন্য উপযুক্ত গরু ও ছাগলের চাহিদা বেশি। অনেক ক্রেতা বিশেষভাবে সমিতির গরু কেনার জন্য এখানে আসছেন। কসাই ও ব্যবসায়ীরা ঈদের আগে মাংস বিক্রির জন্য ভালো মানের পশু পছন্দ করছেন।
উপজেলার সুজাতপুর গ্রামের ব্যবসায়ী কামাল হোসেন বলেন, 'গত কয়েক দিনের তুলনায় এখন গরু-ছাগলের দাম বেশি। আজ হাটে তিনটি গরু এনেছিলাম, দুটি বিক্রি করেছি। একটি বিক্রি হয়নি কারণ চাহিদা অনুযায়ী দাম পাইনি।'
হাটে গরু কিনতে আসা করিম ব্যাপারি বলেন, 'এই হাটে অনেক গরু আসে। পছন্দমতো বিভিন্ন সাইজের গরু কেনা যায়।'
নাজমুল হক জানান, 'মাংসের সমিতির জন্য ২ লাখ ২০ হাজার টাকার মধ্যে গরু কিনতে এসেছি। কিন্তু পছন্দের গরু ২ লাখ ৫০ হাজার টাকার নিচে পাওয়া যাচ্ছে না।'
ছাগল কিনতে আসা মাহাবুব আলম বলেন, 'গত হাটের তুলনায় আজকে ছাগলের দাম বেশি। পছন্দমতো ছাগল দাম ঠিক হলে কিনব।'
সাহাদাত হোসেন/রিফাত/