পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনের ৮০৬ জন পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রংপুর সিটি কর্পোরেশন চত্বরে এই ঈদ উপহার তুলে দেন, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন।
এ সময় উপস্থিত ছিলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দ্বায়িত্ব) রাকিব হাসান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রুবেল রানা, প্রধান রাজস্ব কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমানসহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা।
উপহার পেয়ে কর্মী লাইলি বেগম বলেন, এত সরকার আসছে কোনোদিন ঈদ উপহার পাইনি। এই সরকারের সময়ে এসে এত তাড়াতাড়ি এত উপহার পাবো চিন্তাও করিনি। এ জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানাই।
আরেক পরিচ্ছন্নতাকর্মী রুস্তম আলী বলেন, বিগত তিন বছর এমন কোনো ঈদ উপহার পাইনি। ঈদ উপহার পেয়ে আমি আন্তরিকভাবে আনন্দিত। মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসক মহোদয়ের দীর্ঘায়ু কামনা করি। এটি যেন চালু থাকে এই আহ্বান জানাই।
রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দ্বায়িত্ব) রাকিব হাসান বলেন, সরকার যে আপনাদেরকে ভালোবাসে এবং ভালো রাখতে চায় খোঁজ খবর রাখে তার প্রমাণ হলো আজকের ঈদ উপহার।
মাহফুজ উন নবি চৌধুরী ডন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নত ও পরিচ্ছন্ন দেশ গঠন করার প্রত্যয় ব্যক্ত করেছেন। একটি পরিচ্ছন্ন দেশ গঠন করতে হলে পরিছন্নতাকর্মী ভাই-বোনদের গুরুত্ব অপরিসীম। আপনারা এই পরিচ্ছন্ন দেশ গঠনে অঙ্গাঙ্গিভাবে জড়িত। রংপুর সিটি করপোরেশনে আপনারাই আমার প্রাণশক্তি। ভবিষ্যতেও সুযোগ পেলে পরিচ্ছন্নতা কর্মীদের সেবায় নিয়োজিত থাকার সর্বোচ্চ চেষ্টা করব।
গত শনিবার (১৪ মার্চ) প্রশাসক হিসেবে নিয়োগ পান অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুর ডন। বর্তমানে তিনি রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
সেলিম সরকার/নাঈম