বাংলাদেশ পুলিশের মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির-এর বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকার নিজ বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ঝড়-বৃষ্টির মধ্যে সোমবার (১৬ মার্চ) দিবাগত গভীর রাতে সংঘটিত এ ঘটনায় চোরেরা বাড়ির বৈদ্যুতিক সংযোগের মূল্যবান তামার তার কেটে নিয়ে গেছে।
পারিবারিক সূত্র জানায়, রাতে হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে অন্ধকারের সুযোগে দুর্বৃত্তরা বাড়ির মেইন লাইন থেকে মিটার পর্যন্ত সংযোগের দুটি কয়েল তামার তার কেটে নেয়। চুরি যাওয়া তারের আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।
বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও চোরেরা কৌশলে নজর এড়িয়ে পালিয়ে যায়, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
ঘটনাটি সকালে জানাজানি হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়। এরপরই চুরি হওয়া মালামাল উদ্ধারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে সন্দেহভাজন হিসেবে এক ভাঙারি ব্যবসায়ীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি।”
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দ্রুত চোরদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
রিফাত/মাহফুজ