ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঈদের নামাজ শেষে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত এবং ২৫টি বাড়ি ভাঙচুর করা হয়েছে।
শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর ও ছোট হামিরদী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপীনাথপুর ও ছোট হামিরদী গ্রামের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এক পক্ষের নেতৃত্বে ছিলেন হাসান ও শাহাদাৎ ফকির এবং অপর পক্ষের নেতৃত্ব দেন লিটন মাতুব্বর।
গত বৃহস্পতিবার রাতে এক প্রবাসীর স্ত্রীকে টিকটকে বার্তা পাঠানো নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং সংঘর্ষ বাধে। এর জের ও পূর্ব বিরোধের ধারাবাহিকতায় শনিবার সকালে ঈদের নামাজ শেষে দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পাশাপাশি অন্তত ২৫টি বাড়িঘরে ভাঙচুর চালানো হয় বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান খবরের কাগজকে জানান, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মোসলেউদ্দিন/অমিয়/