টাঙ্গাইলের কালিহাতীতে করবস্থানের জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় দুপক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।
বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রামদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাইম হোসেন রামদেবপুর গ্রামের ওসমান আলীর ছেলে ও হাতিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
স্থানীয় ইউপি সদস্য মর্জিনা বেগম জানান, রামদেবপুর কবরস্থানের জমি নিয়ে প্রায় আড়াই মাস ধরে কমিটিকে কেন্দ্র করে সওদাগার গ্রুপের সঙ্গে মন্ডল ও সিকদার গ্রুপের বিরোধ চলে আসছে। ইতিপূর্বে একাধিকবার ঝগড়া ও হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি চেয়ারম্যানের উপস্থিতিতে সমাধানের চেষ্টা করা হয়েছে। গত ঈদেও দুই গ্রুপ আলাদা ঈদের নামাজ আদায় করেছে। মঙ্গলবার রাতে আবার তারা ঝগড়ায় লিপ্ত হয়। বুধবার সকালেও একাধিকবার সংঘর্ষ হয়। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে নাইমসহ আটজন আহত হয়। নাইমসহ দুজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাইমকে মৃত ঘোষণা করেন। নাইম সওদাগার গ্রুপের ছিল।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। মর্গে থাকা মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জুয়েল/এসজি/