নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের মহাঅষ্টমী স্নানোৎসবে পুণ্যার্থীদের ঢল নেমেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে ব্রহ্মপুত্র নদের তীরে ভিড় করেন হাজারও মানুষ।
গতকাল বুধবার বিকেল ৫টা ১৭ মিনিটে নদের ২৪টি ঘাটে এই স্নান শুরু হয়। বৃহস্পতিবার বেলা ৩টায় দিকে উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে লাঙ্গলবন্দের মন্দির ও আশ্রমগুলোতে ভিড় বাড়তে থাকে। পাপ মোচনের আশায় রীতি মেনে ব্রহ্মপুত্র নদে স্নান সারেন ভক্তরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুণ্যার্থীদের চাপে সড়ক ও মহাসড়কে ব্যাপক জনজট তৈরি হয়।
সোনারগাঁয়ের বৈদ্যের বাজার থেকে আসা শিলা রানী দাস বলেন, ‘মায়ের সঙ্গে স্নান করতে এসেছি। স্নান শেষে মেলা ঘুরে দেখছি। তবে আসার পথে মহাসড়কে ভীষণ যানজট পোহাতে হয়েছে।’
উৎসবের নিরাপত্তা নিয়ে জেলা প্রশাসক রায়হান কবির জানান, আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ১ হাজার ১০০ সদস্য মোতায়েন রয়েছেন। এ ছাড়া প্রশাসনের ৬০০ জন, পূজা উদযাপন পরিষদের স্বেচ্ছাসেবক ও স্থানীয় বিএনপির ২৫০ জন সদস্য দায়িত্ব পালন করছেন।
যানজট প্রসঙ্গে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, ‘স্নানোৎসবে পুণ্যার্থীদের অতিরিক্ত চাপের কারণে যানজট সৃষ্টি হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর থেকে মেঘনা টোল প্লাজা পেরিয়ে গজারিয়া পর্যন্ত যানজট ছড়িয়ে পড়েছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছি।’