পাবনার ঈশ্বরদীর একটি পেট্রল পাম্পে মোটরসাইকেলে জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে তর্কাতর্কির এক পর্যায়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন এক যুবক।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলার সাঁড়া ইউনিয়নের আড়ামবাড়িয়া বাজারের মুনসুর ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম উজ্জ্বল হোসেন (৩৭)। তিনি সাঁড়া ইউনিয়নের ইলশামারী গ্রামের আকমল হোসেনের ছেলে।
আহত উজ্জ্বল হোসেন জানান, তিনি মোটরসাইকেলে পেট্রল নেওয়ার জন্য বৃহস্পতিবার সকালে মুনসুর ফিলিং স্টেশনে গেলে দেখেন, সবাই আগে তেল নেওয়ার চেষ্টা করছেন। তখন তিনি সবাইকে লাইনে সারিবদ্ধভাবে পেট্রল নেওয়ার অনুরোধ করেন। অনেকে এতে রাজি হলেও কয়েকজন তর্ক শুরু করলে চরম বিশৃঙ্খলা হয়। এই বিশৃঙ্খলার মধ্যে পেছন থেকে কেউ আমাকে ছুরিকাঘাত করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ২০০ জন মোটরসাইকেল নিয়ে ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন। কোনো কারণ ছাড়াই হঠাৎ ধাক্কাধাক্কি, হট্টগোল শুরু হয়। কিছুক্ষণ পর দেখা যায়, এক ব্যক্তিকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। তাকে সেখান থেকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আলী এহসান খবরের কাগজকে জানান, রক্তাক্ত অবস্থায় এক যুবককে স্বাস্থ্য আনা হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, আড়ামবাড়িয়ায় তেল নেওয়াকে কেন্দ্র করে একজনকে ছুরি দিয়ে আহত করার ঘটনা জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
জাহাঙ্গীর হোসেন/অমিয়/