বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চললেও ভোটারদের উপস্থিতি খুবই কম।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত সরেজমিনে ঘুরে এ চিত্র দেখা গেছে।
এ প্রসঙ্গে সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জায়েদ ইবনে আবুল ফজল খবরের কাগজকে জানান, সকাল ১০টা পর্যন্ত আড়াই ঘণ্টায় ভোট পড়ছে ৭ দশমিক ৩ শতাংশের কিছু বেশি।
বেলা ১১টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা জানান, ভোট শুরুর পর থেকে পরিবেশ শান্তিপূর্ণ, তবে ভোটারদের উপস্থিতি খুবই কম।
বগুড়া জেলা স্কুল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. নূরুল আমিন, যিনি ১২ ফেব্রুয়ারির নির্বাচনেও প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছিলেন- তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কথা বলার সময় ছিল না, আর আজ বসে বসে সময় কাটাচ্ছি।’
সকাল পৌনে ৮টার দিকে সূত্রাপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন ফেন্সি বেগম। ভোটকেন্দ্রের পরিবেশ কেমন আর কেউ নির্দিষ্ট কোনো প্রার্থীকে ভোট দেওয়ার জন্য বলেছেন কি-না, এর উত্তরে ফেন্সি বেগম বলেন, ‘পরিবেশ সত্যি খুব ভালো। আমি আমার পছন্দের প্রার্থীকে কোনো বাধা বা চাপ ছাড়াই ভোট দিতে পেরেছি। আমি অসুস্থ কিন্তু তারপরও ভালোভাবে ভোট দিতে পেরেছি। কর্মকর্তাদের পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোট দেওয়ার জন্য খুবই সহযোগিতা করেছেন।’
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ায় এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মো. রেজাউল করিম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান ও বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টির মো. আল আমিন।
হাসিবুর রহমান বিলু/অমিয়/