পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নতুন বাংলা বছরকে স্বাগত জানিয়েছে মাগুরাবাসী।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে বের হয় বৈশাখী শোভাযাত্রা, যা শহরজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।
জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হওয়া শোভাযাত্রায় অংশ নেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।
বর্ণিল পোশাক, মুখোশ, ব্যানার ও প্ল্যাকার্ডে সজ্জিত অংশগ্রহণকারীদের উপস্থিতিতে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভায়নার মোড় ও ঢাকা রোড ঘুরে ঐতিহাসিক নোমানী ময়দানে গিয়ে শেষ হয়। এ সময় পুরো শহর উৎসবমুখর হয়ে ওঠে।
শোভাযাত্রা শেষে নোমানী ময়দানে শুরু হয় দুই দিনব্যাপী লোকজ মেলা। উদ্বোধন করেন মাগুরা-১ আসনের এমপি আলহাজ মনোয়ার হোসেন খান। মেলায় গ্রামীণ ঐতিহ্যবাহী পণ্য, হস্তশিল্প, বাহারি খাবারের স্টল এবং শিশুদের বিনোদনের নানা আয়োজন দর্শনার্থীদের আকর্ষণ করে। পাশাপাশি স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান, নৃত্য ও নাটক মেলাকে আরও প্রাণবন্ত করে তোলে।
নববর্ষ উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোও নানা কর্মসূচি পালন করছে। দিনব্যাপী এসব আয়োজনে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। নতুন বছরের আনন্দ ভাগাভাগি করতে এক মিলনমেলায় পরিণত হয় পুরো মাগুরা।
শোভাযাত্রা শেষে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, ‘শুভ নববর্ষ। মাগুরা জেলার আপামর জনসাধারণকে পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা জানাই। জাতি-ধর্ম নির্বিশেষে এ উৎসব আমাদের ঐতিহ্যের অংশ। সবাই নিজ নিজ অবস্থান থেকে দেশ গড়ার স্বপ্নে কাজ করবেন এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবেন এই প্রত্যাশা করি।’
শ্রাবণ/রিফিাত/