যশোরের শার্শা উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।
সোমবার (১১ মে) সকাল ৮ টার দিকে উপজেলার উলাশী ইউনিয়নের খাজুরা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উলাশী খালপাড় এলাকার জুলফিকার সিদ্দিকের ছেলে শাহীনুর রহমান (৩৫) ও একই এলাকার মৃত আতিয়ার গাইনের ছেলে তোজাম্মেল হোসেন (৩৮)।
পুলিশ জানায়, সোমবার সকালে শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের খাজুরা এলাকায় সাতক্ষীরা মহাসড়কে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক শাহীনুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। অপর আরোহী তোজাম্মেল হোসেনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার খবরের কাগজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নজরুল ইসলাম/অন্তরা/