কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে অপহরণ, মুক্তিপণ আদায় ও মানবপাচার মামলার মূল আসামি জাহাঙ্গীর আলম (২৮) কে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, টেকনাফের সীমান্তবর্তী শাহপরীর দ্বীপে সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, একটি সুসংগঠিত চক্র পরিকল্পিতভাবে অপহরণ ও মুক্তিপণ আদায়ের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। বিষয়টি র্যাব-১৫ এর নজরে এলে ঘটনার ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করা হয়।
তদন্তের একপর্যায়ে র্যাব নিশ্চিত হয় যে, মামলার মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি জাহাঙ্গীর আলম টেকনাফের সীমান্তবর্তী দুর্গম শাহপরীর দ্বীপ এলাকায় আত্মগোপনে রয়েছে।
এরই ধারাবাহিকতায় টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল শাহপরীর দ্বীপের উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কোনাপাড়া শাহপরীর দ্বীপ (ওয়ার্ড নং-৭) এলাকার সৈয়দ হোসেনের ছেলে।
র্যাব জানায়, জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে শাহপরীর দ্বীপ ও সাবরাং এলাকায় একটি সুসংগঠিত অপরাধ চক্র পরিচালনা করে আসছিল। এলাকায় সে দুর্ধর্ষ ও প্রভাবশালী সন্ত্রাসী হিসেবে পরিচিত। সাধারণ মানুষকে প্রলোভনে ফেলে অপহরণ, মুক্তিপণ আদায় এবং সীমান্ত দিয়ে মানবপাচারের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।
তার নেতৃত্বাধীন অপরাধ কর্মকাণ্ডে স্থানীয় জনসাধারণের মধ্যে দীর্ঘদিন ধরে আতঙ্ক বিরাজ করছিল। ভুক্তভোগীরা ভয়ের কারণে মুখ খুলতে সাহস পেত না বলেও জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মামলার রেফারেন্সে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মো. শাহীন/এসএন