ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
ফরিদপুরে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনাবাহিনী মোতায়েন শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল প্রায় ১৮ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ঈশ্বরদীতে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা আলিয়ার শুটিংয়ে একজনের মৃত্যু ফুলবাড়ীতে বাংলা মদের কারখানায় পুলিশের অভিযান সমুদ্রে জ্বালানিসম্পদ নিশ্চিত, উত্তোলনে উদ্যোগ নিচ্ছে সরকার: নৌপরিবহনমন্ত্রী আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ ডিভোর্স হতে পারে স্বামী-স্ত্রীর, প্রতিবেশী ভারতের সঙ্গে নয়: এমপি সিরাজ জেন্ডার বাজেট বাড়লেও নারীর নিরাপত্তা-ক্ষমতায়ন নিয়ে প্রশ্ন অধিকারকর্মীদের সংসদ ভবনের বিভিন্ন স্থানে ফাটল, সংসদে নোটিশ উত্থাপন জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতিমন্ত্রী সিরাজগঞ্জে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির বিক্ষোভ মিছিল শিশুর বিকাশে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ প্রয়োজন: শিক্ষা প্রতিমন্ত্রী রাজশাহীতে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু আসন্ন আলিম পরীক্ষা নিয়ে মাদরাসা বোর্ডের নির্দেশনা নওগাঁয় চীনা পর্যটককে হেনস্তার অভিযোগে টিকটকার গ্রেপ্তার কুমিল্লা বোর্ডের ৮ কলেজে নেই এইচএসসি পরীক্ষার্থী! Two Friends and a Bear বিষয়ক Story Writing নিয়ে আলোচনা,  ১ম পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র বিরোধীদলীয় নেতার ১০ কেজি উপহার, পেলেন এমপি থেকে পিয়ন সবাই আ.লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী ফেনীতে বিশ্ব ক্লাবফুট দিবস উপলক্ষে র‌্যালি ও সচেতনতামূলক সভা দেম্বেলে রহস্য! ঘানাকে উড়িয়ে দেওয়ার হুঙ্কার রাশফোর্ডের নাটোরে এক গ্রামেই ৪ শতাধিক ঘরজামাই! ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু নয়নের খাল খননে নয়ন কি জুড়াবে এবার? বিশ্বকাপে মিশরকে প্রথম ম্যাচ জয় উপহার দিয়ে উচ্ছ্বসিত সালাহ ঘরছাড়া মানুষের বাস্তবতা ও বৈশ্বিক দায়িত্ব আর্জেন্টিনার পতাকার রঙে ভাইরাল ভেড়া অপরাধ নির্মূলে কার্যকর ভূমিকার বিকল্প নেই

ভারতে বন্দরের সংগঠন নিয়ে অসন্তুষ্টি, বাংলাবান্ধা স্থলবন্দরে কমেছে পাথর আমদানি

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৬:২৯ পিএম
ভারতে বন্দরের সংগঠন নিয়ে অসন্তুষ্টি, বাংলাবান্ধা স্থলবন্দরে কমেছে পাথর আমদানি
ছবি: খবরের কাগজ

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর থেকে দেশটির ফুলবাড়ি স্থলবন্দরে ব্যবসা ও ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত সিঅ্যান্ডএফ ও আমদানি-রপ্তানিকারকদের সংগঠন নিয়ে দেখা দিয়েছে অসন্তুষ্টি। এতে করে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে কমেছে ভুটান ও ভারত থেকে পাথর আমদানি।

মঙ্গলবার (১২ মে) বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকলেও সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভুটান থেকে আমদানি করা তিনটি পাথরের ট্রাক বন্দরে প্রবেশ করে। 

জানা গেছে, সংগঠন দুটি নতুন করে গঠন করা নিয়ে এ অবস্থা তৈরি হয়েছে। এতে ভুটান ও ভারতে আগের লোড করা ট্রাকগুলো গত তিন দিন ধরে বন্দরে প্রবেশের লাইনে ছিল। সেগুলো এখন প্রবেশ করলেও চাহিদামতো পাথর না আসায় খানিকটা সংকট তৈরির পাশাপাশি কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। 

বন্দর এলাকা ঘুরে জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কারণে গত ২১ এপ্রিল থেকে এবং ফলাফল ঘোষণার পর গত রবিবার (১০ মে) থেকে আবারও বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। তবে ভারতের ফুলবাড়ি স্থলবন্দরে ব্যবসা ও ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত সিঅ্যান্ডএফ ও আমদানি-রপ্তানিকারকদের আগের সংগঠন বাতিল করে নতুন করে গঠন করা নিয়ে চলমান অবস্থায় আটকা পড়ছে আমদানি করা পাথরের ট্রাকগুলো।

এ বিষয়ে বাংলাবান্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট নুর ইসলাম বলেন, ‘ভারতের ফুলবাড়ি পোর্টের ব্যবসায়ীদের সংগঠনের সমস্যার কারণে আমদানি-রপ্তানিতে কিছুটা প্রভাব পড়েছে। আশা করি, সমস্যাটি দ্রুত সমাধান হবে।’ 

এদিকে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহীন জানান, ভারতের ব্যবসায়ীদের সমস্যার কারণে আমদানি কিছুটা কমেছে। সমস্যা দ্রুত সমাধান হলে আগের মতো আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে। কারণ ভুটান ও ভারতের পাথরের প্রচুর চাহিদা আছে এবং আমরা এলসিও করেছি। কিন্তু পাথর না আসায় আমরা কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছি।

এ বিষয়ে বাংলাবান্ধা স্থলবন্দর ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ‘বন্দরের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় রয়েছে। তবে ভারতের ফুলবাড়িতে সংগঠনের অভ্যন্তরীণ ইস্যুতে আমদানি-রপ্তানি কার্যক্রম এখনো কাঙ্ক্ষিত গতি পায়নি। যেহেতু ভারতে সরকার পরিবর্তন হয়েছে, আশা করি দ্রুত সমস্যা নিরসন হলে কার্যক্রমের গতি বাড়বে।’ 

রনি/এসজি/

ফরিদপুরে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনাবাহিনী মোতায়েন

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৮:০৬ পিএম
ফরিদপুরে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনাবাহিনী মোতায়েন
ছবি: খবরের কাগজ

ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

সোমবার (২২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেনাবাহিনীর একটি দল ফরিদপুর শহরে প্রবেশ করে এবং দায়িত্ব গ্রহণ করে।

জানা গেছে, লেফটেন্যান্ট কর্নেল ইমরান হোসেনের নেতৃত্বে ১৫ আরই ব্যাটালিয়নের ১২৫ জন সেনাসদস্য ফরিদপুরে মোতায়েন করা হয়েছে। তারা স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের পক্ষ থেকে ছয়টি জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ফরিদপুরে সেনাসদস্যরা মাঠে কাজ করবেন।

ফরিদপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় এক সপ্তাহের জন্য এ সেনা মোতায়েন করা হয়েছে। এ সময় সেনাবাহিনী আইন-শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসন, পুলিশ ও অন্যান্য সংস্থাকে প্রয়োজনীয় সহায়তা দেবে।

নয়ন/রিফাত/

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল প্রায় ১৮ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৭:৫৮ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৮:০১ পিএম
শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল প্রায় ১৮ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার
দানবাক্স খুলে এভাবেই প্রশাসনিক ব‍্যবস্থায় টাকা গননা করা হয়। ছবি: মামুন হোসেন

সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সে মানুষের দান করা ১৭ লাখ ৬৫ হাজার ৫৬৯ টাকা, ১০ সৌদি রিয়াল ও ৭ আনা স্বর্ণালঙ্কার পাওয়া গেছে। প্রায় ৭০০ বছরের প্রথা ভেঙে প্রথমবারের মতো মাজারের টাকা এভাবে প্রকাশ্যে টাকা গণনা করা হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সিলগালা করা দানের বড় তিনটি বাক্সের (ডেগ) মুখ খুলে এসব পাওয়া যায়।

টাকা গণনায় অংশ নিয়েছেন দরগাহ মাদরাসার শিক্ষার্থীরা। মাজারের ইতিহাসে এর আগে এভাবে প্রকাশ্যে দানের টাকা গণনা করা হয়নি।

হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা আনতে উদ্যোগ নিয়েছিলেন সিলেটের জেলা প্রশাসক (সদ্য প্রত্যাহার) মো. সারওয়ার আলম। এতে দেশজুড়ে নানা আলোচনা-সমালোচনা দেখা দেয়। এরই মধ্যে রবিবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে সারওয়ার আলমকে জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়।

গণনা শেষে সন্ধ‍্যায় ওয়াকফ অডিটর সজল মিয়া জানান গত ১৮ জুন বিকেল চারটা থেকে ২৩ জুন বেলা দুইটা পর্যন্ত ১৭ লাখ ৬৫ হাজার ৫৬৯ টাকা, ৫ রিয়ালের দুটো সৌদি নোট ও ৭ আনা স্বর্ণালঙ্কার পাওয়া গেছে।

গণনা প্রত‍্যক্ষ‍ করে সদ‍্য সাবেক ডিসি সারওয়ার মাজার এলাকা ত‍্যাগ করেন। এর আগে মাজারে গেলে সাংবাদিকদের তিনি জানান, সার্বিক বিষয়ে তিনি একটি ভিডিও বার্তা দেবেন।

দানের টাকা গুণতে গিয়ে দানবাক্সে পাওয়া গেছে, প্রত্যাহারকৃত জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমের প্রশংসা করে একটি বেনামি চিঠি। 

চিঠি পাওয়ার বিষয়টি জানিয়েছেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার (সাধারণ শাখা) তানভীর হোসাইন সজীব।

তিনি জানান, দানবক্সের টাকা গণনাকালে কয়েকটি চিঠি ও কিছু স্বর্ণালঙ্কার পাওয়া গেছে।

ওই ​চিঠিতে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে দরগাহর অভ্যন্তরীণ অব্যবস্থাপনা এবং এক ব্যক্তির বিরুদ্ধে দরগাহর জায়গায় দখল করে দোকানপাট ও বাড়ি তৈরি করেছেন বলে অভিযোগ করা হয়।

এদিকে, স্থানীয় সংসদ সদস‍্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মঙ্গলবার সিলেট আসছেন। তার সফরসূচির মধ‍্যে মাজার ব‍্যবস্থাপনা বিষয়ে বৈঠক রয়েছে।

নাঈম/

ঈশ্বরদীতে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৭:৪৪ পিএম
ঈশ্বরদীতে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
ছবি: খবরের কাগজ

ব্রাজিল সমর্থকদের পর পাবনার ঈশ্বরদীতে এবার আর্জেন্টিনা সমর্থকরা বিশাল মোটরসাইকেল আনন্দ শোভাযাত্রা করেছে। 

সোমবার (২২ জুন) বিকেলে এ আনন্দ শোভাযাত্রা শহরের খায়রুজ্জামান বাবু কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু হয়।

এর আগে গত ১৯ জুন ব্রাজিল সমর্থকরাও মোটরসাইকেল আনন্দ শোভাযাত্রা বের করে। তারা মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে গোটা ঈশ্বরদী শহর প্রদক্ষিণ করে।

২২ জুন রাত ১১টায় অনুষ্ঠিতব্য দ্বিতীয় খেলায় আর্জেন্টিনা ইউরোপের দেশ অস্ট্রিয়ার মুখোমুখি হবে। খেলাটি অনুষ্ঠিত হবে আমেরিকার ডালাস শহরের ডালাস স্টেডিয়ামে।

এর আগে গত ১৭ জুন আর্জেন্টিনা প্রথম খেলায় আফ্রিকা মহাদেশের দেশ আলজেরিয়ার সঙ্গে ৩-০ গোলে জয়লাভ করে। এ খেলায় লিওনেল মেসি একাই তিন গোল করে হ্যাটট্রিক করেন।

পূর্বঘোষণা অনুযায়ী আর্জেন্টিনা সমর্থকরা দুপুরের পর থেকে আর্জেন্টিনা দলের জার্সি গায়ে, জার্সিকে পতাকা বানিয়ে তা হাতে নিয়ে পায়ে হেঁটে, কেউবা মোটরসাইকেলে করে খায়রুজ্জামান বাস টার্মিনালে এসে জড়ো হতে থাকে। অনেককে রিকশা ও অটোরিকশায় আসতে দেখা যায়।

বিকেল ৪টার আগেই বাস টার্মিনাল এলাকা আর্জেন্টিনা সমর্থকদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায়।

একত্রিত হয়ে শত শত মোটরসাইকেলে সমর্থকরা বিকেল ৪টায় বাস টার্মিনাল-সংলগ্ন রেলগেট ট্রাফিক মোড় থেকে আনন্দ শোভাযাত্রা শুরু করে। সেখান থেকে স্টেশন সড়ক, বাজার, চাঁদ আলী মোড় ঘুরে কলেজ রোড, হাসপাতাল রোড হয়ে পোস্ট অফিস মোড়ে যায়। সেখান থেকে ঈশ্বরদী-পাবনা সড়ক দিয়ে রেলগেট অতিক্রম করে বিমানবন্দর সড়ক হয়ে শোভাযাত্রাটি সোজা চলে যায় সাঁড়া ইউনিয়নের আড়ামবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে। সেখান থেকে একইভাবে তারা পুনরায় খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে ফিরে আসে।

দুই-তিনজন আর্জেন্টিনা সমর্থক জানান, অত্যন্ত শৃঙ্খলাবদ্ধভাবে তাদের আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আর্জেন্টিনার প্রতিটি সমর্থক আনন্দ র‌্যালিতে অংশ নিয়ে অত্যন্ত খুশি। 

তারা বলেন, ‘প্রথম খেলায় ভালো খেলে মেসির একাই করা তিনটি দর্শনীয় গোলে আর্জেন্টিনা জয়লাভ করে। আমরা আশা করছি আজও মেসি এবং তার দল ভালো খেলে গ্রুপের শীর্ষে থাকবে।’

এদিকে সরেজমিনে দেখা যায়, পাড়া-মহল্লায় আর্জেন্টিনা সমর্থকরা নানা আয়োজনে সোমবার রাত ১১টায় বড় পর্দায় খেলা উপভোগের জন্য প্রজেক্টর স্থাপন ও খাওয়া-দাওয়ার আয়োজন করেছে। এ ছাড়া জার্সি কেনা, পতাকা টানানো এবং নিজের ছবি-সম্বলিত ব্যানার প্রদর্শন করা হয়েছে।

জাহাঙ্গীর হোসেন/রিফাত/

ফুলবাড়ীতে বাংলা মদের কারখানায় পুলিশের অভিযান

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৭:৩৪ পিএম
ফুলবাড়ীতে বাংলা মদের কারখানায় পুলিশের অভিযান
জব্দ করা মদ তৈরির সরঞ্জাম। ছবি: খবরের কাগজ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলা মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে একজনকে আটক করেছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ বাংলা মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। 

সোমবার (২২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী ঝাঁউকুটি এলাকায় হবিবর রহমানের বাড়িতে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পেরে আমরা এখানে অভিযান চালাই। অভিযানে মদ তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ ও প্রস্তুত বাংলা মদ জব্দ করা হয়েছে। এ সময় কারখানার সঙ্গে জড়িত গনাই চন্দ্র (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

তবে কারখানার মূল হোতা আব্দুল কাদের পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। বাড়ির মালিক হবিবর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে তাকে হেফাজতে রাখা হয়েছে। ফুলবাড়ীতে এই প্রথম বাংলা মদ তৈরির কারখানার সন্ধান পাওয়ায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, আমি নিজে থেকে অভিযান চালিয়ে বাংলা মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে যাকে মূল হিসেবে জানি সে পালিয়েছে। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসি জানান, জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিককেও আনা হয়েছে। তিনি বৃদ্ধ মানুষ, তদন্তে নির্দোষ প্রমাণিত হলে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। 

গোলাম মাওলা/নাঈম

রাজশাহীতে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৬:০৭ পিএম
রাজশাহীতে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
অভিযুক্ত ছেলে রাকিবুর করিম। ছবি: সংগৃহীত

রাজশাহীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে মো. রেজাউল করিম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (২২ জুন) সকাল ১০টার দিকে নগরের চন্দ্রিমা থানার মেহেরচণ্ডি কলাইতলা পশ্চিমপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে রাকিবুর করিম পলাতক রয়েছেন।

নিহত রেজাউল করিম একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। অভিযুক্ত রাকিবুর করিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের সাবেক শিক্ষার্থী। পড়াশোনা শেষ করে তিনি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে রেজাউল করিম ও তার স্ত্রী আঞ্জুয়ারা বেগমের মধ্যে প্রায়ই বিরোধ হতো। সোমবার সকালেও স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে রাকিবুর তার মায়ের পক্ষ নেন। এ সময় উত্তেজিত হয়ে তিনি একটি বাঁশের লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করেন। এতে রেজাউল গুরুতর আহত ও রক্তাক্ত হন। ঘটনার পর রাকিবুর মোটরসাইকেলে করে বাড়ি থেকে পালিয়ে যান। পরিবারের সদস্যরা আহত রেজাউলকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পরিবারের সদস্য ও স্থানীয়রা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে না। তবে ছেলের লাঠির আঘাতেই বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

তিনি আরও জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত রাকিবুর করিম পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রিফাত/