চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিকিরচর গ্রামে সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে ওয়াসিম বেপারীকে (২৬) কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলায় আরিফ হোসেন বেপারীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৮ মে) দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) মো. কামাল হোসাইন এই রায় দেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, মিজানুর রহমানের পরিবারের সাথে হত্যার শিকার ওয়াসিম পরিবারের জমি সংক্রান্ত বিরোধ ছিল। তারই ধারাবাহিকতায় ২০২০ সালের ২৯ জুন রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ওয়াসিমকে ঘর থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরদিন সকালে তার মরদেহের সন্ধান পায় পরিবার।
এই ঘটনায় ৩০ জুন মতলব উত্তর থানায় ওয়াসিমের মা জাহানারা বেগম ছয় জনকে আসামি করে হত্যা মামলা করেন।
মামলার আসামিরা ছিলেন মিজানুর রহমান, আরিফ হোসেন বেপারী, মো. আজাদ বেপারী, মো. করিম বেপারী, সালমা বেগম ও কুদ্দুছ বেপারী।
মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী কামাল উদ্দিন বলেন, মামলাটি আদালতে চলমান অবস্থায় ২৫ জনের স্বাক্ষ্য গ্রহণ করা হয়। স্বাক্ষ্য প্রমাণ, মামলার নথিপত্র পর্যালোচনা ও আসামি তার অপরাধ স্বীকার করায় বিচারক তার উপস্থিতিতে এই রায় দেন। বাকি আসামিদের অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।
ফয়েজ/আমান