চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আনোয়ারা উপকূলের কাছে একটি বিদেশি জাহাজের দুই নাবিকের মধ্যে মারামারির একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনায় রাপহিফং কালাহান (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যার পর থাইল্যান্ডের পতাকাবাহী ‘এমটি কেপিপি-০১’ নামক জাহাজে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জাহাজটি চট্টগ্রামের আনোয়ারা উপকূলে বন্দরের বহির্নোঙর চার্লি অ্যাঙ্করেজ পয়েন্টে অবস্থান করছিল। জাহাজটি স্ক্র্যাপ করার জন্য আনা হয়েছে। এটি ভেঙে স্ক্র্যাপ করার জন্য আনোয়ারা থেকে সীতাকুণ্ড উপকূলে নিয়ে যাওয়া হবে। মঙ্গলবার সন্ধ্যার পর জাহাজের দুই নাবিক রাপহিফং কালাহান (৩০) ও তুরাকর্ণ বুরুসি (দুজনই থাইল্যান্ডের নাগরিক) এর মধ্যে মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে ভিকটিম রাপহিফং কালাহানকে ছুরিকাঘাত করা হলে পরে তিনি মারা যান। এ ঘটনায় তুরাকর্ণ বুরুসিকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট শ্যাম শিপিং এজেন্সির হেড অব অপারেশন ইমরানুল হক বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর বন্দরের বহির্নোঙরে চার্লি অ্যাঙ্করেজে অবস্থান করা জাহাজটির দুই নাবিকের মধ্যে মারামারি হয়। এ ঘটনার জেরে ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, গুরুতর আহত অবস্থায় মঙ্গলবার রাত ৮টার দিকে থাইল্যান্ডের এক নাগরিককে চমেক হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
রিফাত/