নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–এর সিলেট আঞ্চলিক পর্বের উদ্বোধন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বুধবার (২০ মে) সিলেট জেলা স্টেডিয়ামে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি।
নতুন কুঁড়ি স্পোর্টসের সিলেট আঞ্চলিক পর্বে সিলেট বিভাগের চার জেলার বিজয়ী খেলোয়াড়রা অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী। পরে ফুটবলে কিক করে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, ১৯৭৮ সালে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু করেছিলেন। সেই ধারাবাহিকতায় তার পুত্র তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়াম থেকে একযোগে সারাদেশে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর উদ্বোধন করেছেন। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান কিশোর খেলোয়াড়দের খুঁজে বের করা এবং খেলাধুলাকে পেশা হিসেবে নিতে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। এসব তরুণ খেলোয়াড় ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনবে।
তিনি আরও বলেন, একটি দেশ ও জাতিকে এগিয়ে নিতে শক্ত ভিত প্রয়োজন, যা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৈরি করে গেছেন। সেই ধারাবাহিকতা প্রধানমন্ত্রী তারেক রহমান এগিয়ে নিচ্ছেন।
বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আব্দুল কুদ্দুস চৌধুরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মো. আনোয়ারুল হক এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
শাকিলা ববি/এসএন