হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রীতম বিশ্বাস (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪ জনে।
মঙ্গলবার (২ জুন) দুপুরে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নিয়াজ মোহাম্মদ শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হামের উপসর্গে মারা যাওয়া ওই শিশু প্রীতম বিশ্বাস গোপালগঞ্জ সদর উপজেলার তেতুলিয়া গ্রামের প্রসেনজিৎ বিশ্বাসের ছেলে।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নিয়াজ মোহাম্মদ জানান, গত ২৮ মে হামের উপসর্গ নিয়ে প্রীতমকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিল। পরে সোমবার (১ জুন) রাত ১১টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।
এদিকে, গোপালগঞ্জের বিভিন্ন হাসপাতালে এখনো হামের উপসর্গ নিয়ে ৫৬ জন রোগী ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় ১১ জন রোগী হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ১৭২ জন। আর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯৬৯ জন রোগী।
প্রসঙ্গত, জেলায় এ পর্যন্ত হামের উপসর্গে দুই শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বাদল/রিফাত/