চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় আগুনে পুড়েছে অন্তত ১২টি বসতঘর। বসতবাড়িতে লাগা ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকাল সোয়া ৯টার দিকে হালিশহরের ‘এ’ ব্লকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল সোয়া ৯টার দিকে হালিশহর ‘এ’ ব্লক এলাকায় একটি বসতবাড়িতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন চারপাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে এবং একে একে ১২ থেকে ১৫টি বসতঘর পুড়ে যায়। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
স্থানীয় মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, সকালে আগুনের সূত্রপাত হওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বন্দর স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস বন্দর স্টেশনের কর্মকর্তা মোনেম বিল্লাহ বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের বন্দর ও আগ্রাবাদ স্টেশনের চারটি গাড়ি নেভানোর কাজ শুরু করে। সকাল ১০টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। লাকড়ির চুলা থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। আগুনে ১২ থেকে ১৫টি সেমিপাকা ও কাঁচা বসতঘর পুড়ে গেছে। তবে আগুন লাগার ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এসএন/