মুন্সীগঞ্জের শ্রীনগরে অটোরিকশার ভাড়া নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে চালকের ধাক্কায় পড়ে গিয়ে আবু কালাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত অটোরিকশাচালক জামাল হোসেনকে (৩০) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার হাসাড়া স্কুল গেট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেল ৫টার দিকে হাসাড়া এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশাচালককে আটক করা হয়।
নিহত আবু কালাম হাসাড়া এলাকার বাসিন্দা এবং আটক জামাল হোসেন উপজেলার লস্করপুর এলাকার আব্দুল বারেকের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, আবু কালাম তার স্ত্রী সূর্যবান ও দুই সন্তানকে নিয়ে হাসাড়া বাসস্ট্যান্ডে আসেন। সেখান থেকে নিজ বাড়ি পশ্চিম হাসাড়া দক্ষিণপাড়ায় যাওয়ার জন্য অন্য একটি অটোরিকশায় ওঠার সময় ওই চালকের সঙ্গে ভাড়া নিয়ে তার তর্কাতর্কি হয়। একপর্যায়ে ওই চালক আবু কালামকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে অন্য একটি অটোরিকশায় করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত অটোরিকশাচালক জামাল হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সালমান/