ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও বিওপি সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির এমন অবৈধ পুশইন রুখে দিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
শুক্রবার (৫ জুন) সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, বিএসএফ ১১ জন ব্যক্তিকে বাংলাদেশের দিকে পাঠানোর চেষ্টা করলে বিজিবি প্রবেশে বাধা দেয়। পরে ওই ব্যক্তিরা ভারতের অভ্যন্তরে ফিরে যান।
এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, ‘মশালগাঁও সীমান্তে ১১ জনকে পুশইনের একটি চেষ্টা বিজিবি সফলভাবে প্রতিহত করেছে। সীমান্তে আমাদের সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। বর্তমানে ওই ব্যক্তিরা ভারতের অভ্যন্তরে অবস্থান করছে।’
তিনি আরও বলেন, বাংলাদেশ সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা সফল হতে দেওয়া হবে না। সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা দায়িত্বশীল ও তৎপর রয়েছে। ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
নবীন হাসান/আমান