নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মো. রাহিম (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন জব্দ করেছে পুলিশ।
সোমবার (৮ জুন) সন্ধ্যায় গোপালপুর-বাংলাবাজার সড়কের বায়তুন নূর জামে মসজিদের সামনের চেকপোস্টে তাকে আটক করা হয়।
আটক মো. রহিম গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বসন্তবাগ গ্রামের ভূঁইয়া বাড়ির জসিম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশেষ অভিযান চলাকালে মোটরসাইকেলে করে চেকপোস্ট অতিক্রমের সময় রাহিমকে থামানো হয়। এ সময় আচরণ সন্দেহজনক মনে হলে তার শরীরে তল্লাশি চালানো হয়।
এক পর্যায়ে তার কোমরে লুকিয়ে রাখা অবস্থায় তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি এবং তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটিও জব্দ করে পুলিশ।
খোঁজ নিয়ে জানা গেছে, অস্ত্রসহ আটক রাহিম স্থানীয় জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। বিগত জাতীয় সংসদ নির্বাচনে তিনি নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের জামায়াতে প্রার্থী মাওলানা বোরহান উদ্দিনে নির্বাচনী কার্যক্রমে যুক্ত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে রাতে নোয়াখালী জেলা জামায়াতের আমীর মোহাম্মদ ইসহাক খন্দকার বলেন, বিষয়টি আমার জানা নাই। বিস্তারিত খোঁজ খবর নিয়ে পরে জানানো হবে।
ইকবাল হোসেন মজনু/অন্তরা