চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনে সহায়তা করার অভিযোগে ৭ বাংলাদেশিকে আটক করা হয়েছে।
সোমবার (১৫ জুন) রাতে সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ তাদের আটক করে।
আটক ৭ জনই গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর গ্রামের বাসিন্দা। তারা হলেন দোস মোহাম্মদের ছেলে বাবুল আক্তার (৪০), আব্দুল লতিফের ছেলে এমদাদুল হক (৩৮), ওবায়দুল রহমানের ছেলে রয়েল( ২৮),;কালুমদ্দিনের ছেলে আজম (৩৫), জমসেদ আলীর ছেলে আলম (৩৮) , নাইমুলের ছেলে আসমাউল হক (৩৩) ও ধুলুর ছেলে মেসবাহুল হক (৩০)।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসীম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, সোমবার (১৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের আওতাধীন ওয়াদা ক্যাম্পের সদস্যরা নৌকাযোগে এক নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়। বিজিবি টহল দলের তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপে বিএসএফের সেই পুশইনের চেষ্টা প্রতিহত করা হয়।
বিজিবির বরাত দিয়ে গোমস্তাপুর থানার ওসি নূরে আলম বলেন, সোমবার (১৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে এক নারীকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। ওই নারীকে বাংলাদেশে আসতে সহায়তা করেন সাত বাংলাদেশি। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা ওই পুশইনের ঘটনা প্রতিহত করে এবং ঘটনাস্থল থেকে চার বাংলাদেশিকে আটক করে। রাত ৪ টার দিকে বিজিবি তাদের থানায় সোপর্দ করে। পরে পুলিশ আরও ৩জনকে একই অভিযোগে আটক করে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসীম ফিরোজ বলেন, আটককারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলাসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মো. আসাদুল্লাহ/অন্তরা