রাজধানীর পল্টনের বিজয়নগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোহাম্মদ সাজু (২২) নামে এক প্রাইভেট কারচালক নিহত হয়েছেন।
সোমবার (২০ জানুয়ারি) রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোয়া চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাজু গোপালগঞ্জ সদর থানার আটবাড়ীয়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে। বর্তমানে রাজধানীর মুগদা মান্ডা ঝিলপাড় এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।
বাইজিদ বলেন, সাজু প্রাইভেট কার চালাতেন, আর আমি ব্যাটারিচালিত রিকশা চালাই। রাতে সাজু গ্যারেজে গিয়ে বলে তার স্যার (কারের মালিক) ফোন দিয়েছেন তাকে যেতে হবে। আমাকে রিকশা দিয়ে নামিয়ে আসার কথা বলল। বাইজিদকে নিয়ে বিজয়নগর পানির ট্যাংক এলাকায় নামিয়ে চলে যাচ্ছিলাম। এমন সময় চিৎকার শুনতে পেয়ে গিয়ে দেখি ছিনতাইকারীদের সঙ্গে সাজুর ধস্তাধস্তি হচ্ছে। একপর্যায়ে ছিনতাইকারীরা সাজুকে পেটে, বুকে ও হাতে ছুরিকাঘাত করে তার কাছ থেকে একটি স্মার্টফোন ও কিছু টাকা নিয়ে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় সাজুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ চলছে।
মেহেদী/