সিরাজগঞ্জের বেলকুচিতে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আজমীর হোসেন (৩০) নামে এক যুবককে গণধোলাই দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা।
শনিবার (২৬ এপ্রিল) সকালে বেলকুচি পৌর এলাকা ২নং ওয়ার্ডের চালা পতেঙ্গা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
আজমীর হোসেন বেলকুচি পৌর এলাকার চালা সাঁতমাথা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
জানা গেছে, শনিবার সকালে উপজেলার চালা পতেঙ্গা মসজিদের সামনে যমুনার শাখা নদীর বনের ভিতর একটা মেয়ের চিৎকারের শব্দ শুনতে পেয়ে স্থানীয়রা গিয়ে দেখেন মেয়েটিকে আজমীর ধর্ষণের চেষ্টা করছেন। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এর আগেও আজমীর ধর্ষণেরর অভিযোগে জেল খেটেছে বলে জানা গেছে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন জানান, খবর পেয়ে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের ক্ষত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
শিশির/মেহেদী/