ময়মনসিংহের গফরগাঁওয়ে গরুচোর সন্দেহে হায়দুল আকন্দ (৩৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
রবিবার (১১ মে) দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে শনিবার (১০ মে) মধ্যরাতে হাইদুলকে রাস্তায় দেখে চোর সন্দেহে ধাওয়া করে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের সামনে পিটুনি দেওয়া হয়।
নিহত হায়দুল আকন্দ একই উপজেলার সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের অবেদ আলী আকন্দের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস ধরে এলাকায় গরু চুরি বেড়ে যাওয়ায় স্থানীয় লোকজন পাহারা দিচ্ছিলেন। মধ্যরাতে হায়দুলকে রাস্তায় দেখে চোর সন্দেহে ধাওয়া করে পিটুনি দেওয়া হয়। এতে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকলে খবর পেয়ে পাগলা থানার পুলিশ গ্রাম পুলিশের মাধ্যমে রবিবার সকালে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে মারা যান হায়দুল।
নিহতের ভাতিজা ইসলাম উদ্দিন বলেন, হায়দুল মানসিক প্রতিবন্ধী যুবক। যারা তাকে হত্যা করেছে তাদের চিহ্নিত করে উপযুক্ত বিচার দাবি করছি।
এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম বলেন, হায়দুল আকন্দের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
মিন্টু/মেহেদী/