ঝালকাঠির নলছিটিতে নেশা করার টাকা না দেওয়ায় আব্দুস সোবাহান (৬৫) নামে এক ব্যবসায়ীকে তার জুয়েল (২৫) নামে 'মাদকাসক্ত' ছেলে কুপিয়ে জখম করে পালিয়ে গেছেন।
মঙ্গলবার( ১৯ আগস্ট) রাত সোয়া ৪টার দিকে উপজেলার বৈশাখিয়া চৌমাথা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী আবদুস সোবাহানকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বৈশাখিয়া বাজারে রেস্টুরেন্ট ব্যবসা করেন। দোকান সংলগ্ন এলাকাতেই তার বাড়ি।
স্থানীয় সূত্রে জানা গেছে, 'জুয়েল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই তিনি পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন। এরই ধারাবাহিকতায় সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় জুয়েল তার বাবাকে টাকার জন্য চাপ দেন। কিন্তু তিনি টাকা দিতে রাজি না হলে বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে জুয়েল ঘর থেকে চলে গিয়ে সারারাত বাইরে কাটান। পরে সোবাহান মঙ্গলবার ফজরের নামাজের জন্য উঠে দরজা খুললে জুয়েল ঘরে ঢুকে ফের টাকা চায়। এ সময় টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে বাবাকে কুপিয়ে জখম করেন জুয়েল।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন।
বৈশাখিয়া চৌমাথা বাজার কমিটির সভাপতি মো. খোকন খন্দকার এ তথ্য নিশ্চিত করে জানান, মাদকাসক্ত জুয়েল ইতোপূর্বে কয়েকবার নেশা করার জন্য টাকা না দেওয়ায় তার বাবাকে মারধর করেছেন। জুয়েলের বাবা সোবাহান এ বিষ য়ে তার কাছে (নালিশ)অভিযোগও করেছিলেন। অভিযোগ পেয়ে তিনি জুয়েলকে শাসিয়ে ছিলেন। এমনকি পুলিশ দিয়ে ভয় ভীতি দেখিয়েছিলেন। কিন্তু কোনো কাজ হয়নি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. আব্দুস সালাম খবরের কাগজকে বলেন, এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সুইট/মেহেদী/