ঝিনাইদহে ঘর থেকে তোয়াজ উদ্দিন শেখ নামে এক ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত আটটার দিকে ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের নিজ বাড়ির ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তোয়াজ উদ্দিন ওই গ্রামের হারিস আলী শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা খবরের কাগজকে জানান, বুধবার সন্ধ্যায় তোয়াজ উদ্দিনের শোবার ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা তার স্বজনদের খবর দেন। পরে স্বজনরা জানালা দিয়ে তোয়াজ উদ্দিনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে, পুলিশ ঘরের তালা ভেঙে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে।
নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ প্রাথমিকভাবে এ ঘটনাকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে কে বা কারা জড়িত তা জানা যায়নি।
স্থানীয়রা জানান, নিহত তোয়াজ উদ্দিন শেখ গত সপ্তাহে ঢাকা থেকে নিজ গ্রামের বাড়িতে আসেন। স্ত্রী সন্তান না থাকায় তিনি গ্রামের বাড়িতে
একা বসবাস করতেন। সবশেষ গত সোমবার গ্রামের অনেক মানুষের সঙ্গে তার দেখা হয়। এরপর থেকে কেউ আর তাকে জনসম্মুখে দেখতে পায়নি।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন খবরের কাগজকে বলেন, ঘর থেকে তোয়াজ উদ্দিন শেখের হাত পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড হিসেবে ধারণা করছি। মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পরে জানা যাবে।
মাহফুজুর/মেহেদী/