ট্রেনের ছাদে ছিনতাইয়ের ঘটনায় ধারালো চাকুসহ একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা রেলওয়ে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম আলাউদ্দিন (১৯)।
সোমবার (৬ অক্টোবর) রাতে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ঢাকা রেলওয়ে ডিবি পুলিশ চাকুসহ আলাউদ্দিনকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন জানান, গত ৪ অক্টোবর রাতে মহানগর এক্সপ্রেস ট্রেনের ছাদে থাকা যাত্রীদের ধারালো চাকুর মুখে জিম্মি করে মোবাইল ও মানিব্যাগ কেড়ে নেয় ছিনতাইকারীরা। ওই ঘটনায় ছিনতাই করা একটি মোবাইল ফোনসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয় নজরুল ইসলাম নামে একজনকে। নজরুলের দেওয়া তথ্যে অভিযান চালিয়ে আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে খিলগাঁও এলাকা থেকে। পরে আলাউদ্দিনের স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে ছিনতাই কাজে তার নিজের ব্যবহৃত চাকুটি খিলগাঁও রেললাইনের পাশ থেকে উদ্ধার করা হয়। আলাউদ্দিনের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় অন্য আসামি ও মালামাল উদ্ধারে অভিযান চলছে।
আলমগীর/নাঈম