নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদী ও নদী সংলগ্ন চর জাজিরা, চর লালপুর এবং চর দিয়ার বাহাদুরপুরে অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমান দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
শনিবার (৮ নভেম্বর) রাত ৯টা থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
এতে জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রায় ৪০০ সদস্য অংশ নেয়।
গ্রেপ্তারদের মধ্যে দুইজন হ্যাকার, ছয়জন ওয়ারেন্টভুক্ত আসামি, একজন সাজা প্রাপ্ত আসামি, একজন হত্যা মামলার আসামি এবং দুইজন মাদক ব্যবসায়ী রয়েছেন।
এ সময় দেশে তৈরি ওয়ানশুটার গান, একটি রিভলবার, ছয়টি বড় ছুরি, ২২টি হাসুয়া, চারটি চাকু, ছোরা, দুইটি চাপাতি, একটি দা, একটি লোহার পাইপ, একটি টিউবওয়েল এবং একটি চৌকি জব্দ করা হয়।
চরাঞ্চলে পুলিশের ১০টি টিম এবং নদীতে ১৪টি ট্রলার দিয়ে অভিযান চালানো হয়।
নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান-এর নির্দেশনায় এই অভিযান চালানো হয়। তার সরাসরি তত্বাবধান ও নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে অংশ নেন, র্যাবের কোম্পানি কমান্ডার মোহাম্মদ হাফিজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলি, অতিরিক্ত পুলিশ সুপার (বড়ইগ্রাম সার্কেল) শোভন, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) নূর মোহাম্মদ, ও সিংড়া থানা ও লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
কামাল মৃধা/অমিয়/