মুন্সীগঞ্জের গজারিয়ায় এক ল্যাবরেটরি টেকনিশিয়ানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে এ বিষয়ে কিছু জানা যায়নি।
বুধবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর ব্রিজ সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহতের নাম রতন আহমেদ (২২)। তিনি বড়ইকান্দি ভাটেরচর গ্রামে পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবার নাম আব্দুল জলিল। গ্রামের বাড়ি বগুড়া জেলায়।
জানা যায়, নিহত রতন আহমেদ ভাটেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন গজারিয়া জেনারেল হাসপাতালে ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসেবে কাজ করেছেন। সম্প্রতি তিনি এই হাসপাতাল ছেড়ে নারায়ণগঞ্জের মদনপুরে বারাকা হাসপাতলে যোগ দেন। প্রতিদিন রাত ১০টা পর্যন্ত ডিউটি শেষে বাসায় ফিরতেন তিনি।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার রাত ১১টার দিকে ভাটেরচর ব্রিজের পশ্চিম দিকের ঢালে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান কয়েকজন। ছুরি জাতীয় কিছু দিয়ে কুপিয়ে তাকে জখম করা হয়। স্থানীয়দের মধ্যে একজন ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে গজারিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আব্দুল জলিল বলেন, আমার ছেলের সঙ্গে মোবাইল ফোন, টাকা-পয়সা যা যা ছিল কিছুই পাওয়া যায়নি। হামলাকারীরা তাকে কুপিয়ে জিনিসপত্র সব নিয়ে গেছে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম বলেন, ‘রাত ১১টার পর ৯৯৯ থেকে একটি কল পেয়ে আমরা সেখানে যাই। আমরা তাকে রক্তাক্ত অবস্থায় পাই। কেউ তাকে ধারালো ছুরি জাতীয় কিছু দিয়ে আঘাত করে ফেলে গেছে বলে মনে হয়েছে। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। অবস্থা দেখে মনে হচ্ছে তাকে খুন করা হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’
অমিয়/