কক্সবাজারের টেকনাফ উপজেলার নাজিরপাড়ায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শামশুল হক ওরুফে বদাফুলাকে আটক করেছে নৌবাহিনী।
রবিবার (১৮ জানুয়ারি) রাতে এই অভিযান চালায় নৌবাহিনীর টেকনাফ কন্টিনজেন্ট।
সোমবার (১৯ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে বাংলাদেশ নৌবাহিনী নিরবিচ্ছিন্নভাবে অভিযান ও টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফের নাজিরপাড়ায় ওই অভিযান চালায় নৌবাহিনী।
এ সময় নৌ কন্টিনজেন্ট এবং স্পেশাল ফোর্সের (সোয়াডস্) অভিযানিক দলটি রাতের অন্ধকারে ধাওয়া করে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী শামশুল হককে আটক করতে সক্ষম হয়। পরে আটক শামশুলের দেওয়া তথ্যের ভিত্তিতে তার তরমুজ ক্ষেতের ছাপড়ি ঘরে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, পিস্তলের তিন রাউন্ড তাজা গোলা, শর্টগানের দুই রাউন্ড তাজা গোলা এবং একটি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়। আটক শামশুলকে পরে ওই অস্ত্র ও গোলাবারুদসহ স্থানীয় থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলার পাশাপাশি টেকনাফ থানায় একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।
আলমগীর হোসেন/সুমন/