রাজধানীর যাত্রাবাড়ী কাজলায় দিয়া আক্তার (২০) নামে এক কলেজছাত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দিয়ার মা মৌসুমী আক্তার (৩৮) ভাই মোয়াজ (১৫) ও বোন জয়া আক্তার (১২) আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৪টার দিকে কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
হাসপাতালে দিয়াদের গাড়িচালক পরিচয়ে বিল্লাল হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ‘প্রতিবেশী মুসা মিয়া তাদের কাছে টাকা পান। এই পাওনা টাকা চাইতে দিয়াদের বাসায় যান তিনি। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর দিয়ার পরিবার মুসা মিয়াকে ছুরিকাঘাত করে। এক পর্যায়ে মুসা মিয়া চাপাতি দিয়ে দিয়ার মা, এক ভাই ও এক বোনকে কুপিয়ে আহত করেন। খবর পেয়ে তাদের বাড়িতে গিয়ে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি তিনজন হাসপাতালে ভর্তি আছেন।’
তিনি জানান, নিহত দিয়া শেখ বোরহান উদ্দিন কলেজে পড়তেন। জয়া একটি মাদরাসায় পড়াশোনা করে। আর ছোট ভাই মোয়াজ একটি স্কুলে পড়ে।
যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু সংবাদমাধ্যমকে বলেন, ভোরে কাজলা এলাকায় একটি বাসায় কলেজছাত্রী হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিনজন হাসপাতালে ভর্তি আছেন। ঘাতক মুসা মিয়াও আহত হয়েছেন। তাকে আটক করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
ওসি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, টাকা পয়সা লেনদেন নিয়ে ঘটনাটি ঘটেছে। তবে অন্য কোনো ঘটনা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
অমিয়/