চট্টগ্রামে অস্ত্র, ডাকাতি, খুন, বিশেষ ক্ষমতা আইন ও মাদক মামলাসহ ২২ মামলার আসামি সাত্তার শাহ প্রকাশ ডিপজলকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৪ মে) রাতে নগরের বাকলিয়া থানার তুলাতলী জামাই বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা-পুলিশ।
গ্রেপ্তার ডিপজল রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ইসলামিয়া নতুন পাড়ার মৃত ফরিদ শাহের ছেলে। তিনি বাকলিয়ার জামাই বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ‘সোমবার রাতে নগরের বাকলিয়া থানার তুলাতলী জামাই বাজার এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ সাত্তার শাহ প্রকাশ ডিপজলকে গ্রেপ্তার করা হয়। সিএমপির বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, খুন, বিশেষ ক্ষমতা আইন ও মাদক মামলাসহ তার বিরুদ্ধে মোট ২২টি মামলা রয়েছে।’
মামলার বিষয়ে যা জানালেন ওসি
তিনি জানান, কোতোয়ালি, চান্দগাঁও, ইপিজেড, পতেঙ্গা, পাহাড়তলী, বাকলিয়া, হাটহাজারী ও পটিয়া থানায় ডাকাতি, ছিনতাই, হত্যা, অস্ত্র, বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অন্তত ১৬টি মামলার ওয়ারেন্ট রয়েছে তার বিরুদ্ধে।
ওসি আরও জানান, গ্রেপ্তারের পর আসামিকে কোতোয়ালি থানার একটি হত্যা মামলায় আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এসজি/