বগুড়ায় মদ্যপান করে তাদের বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৭ মে) রাতে শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন, বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী দক্ষিণ হাজীপাড়া এলাকার কাওছার (১৯), ফুলবাড়ী দক্ষিণ পাড়া এলাকার বাধন (১৯), ও একই উপজেলার উত্তর কাটনারপাড়া এলাকার রকি (১৯)।
মামলার এজাহারে জানা যায়, ভুক্তভোগী ওই তরুণী অভিযুক্তদের পূর্ব পরিচিত ও বন্ধু। রবিবার রাত ৮টার দিকে তিনি শহরের পুলিশ প্লাজার ৭ম তলায় অবস্থিত ‘লাক জোন’ নামের একটি দোকানে যান। সেখানে কাওছার, বাধন, সাদিক ও অপর একজন উপস্থিত ছিলেন। পরে তারা সবাই মিলে মদ্যপানের পরিকল্পনা করেন।
পরে রাত সাড়ে ৯টার দিকে শহরের একটি হোটেল থেকে মদ সংগ্রহ করে ১০টা ১৫ মিনিটে ফুলবাড়ী দক্ষিণপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন শ্মশানঘাটের রাস্তার পাশে একটি পুরাতন ভবনে যান তারা। পরে সেখানে রকি নামের আরও একজন যোগ দেন।
ভুক্তভোগীর অভিযোগ, মদ্যপানের এক পর্যায়ে অভিযুক্তরা পালাক্রমে তাকে ধর্ষণ করেন। পরে অভিযুক্ত বাধন তাকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়ার সময় বিগ বাজার এলাকায় পৌঁছালে ভুক্তভোগী চিৎকার করে স্থানীয়দের সহায়তা চান। এ সময় অভিযুক্ত বাধন পালিয়ে যান।
পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আনাহার হোসেন ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদেরকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।
সোমবার বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
অমিয়/